যুদ্ধাপরাধীদের মুক্তি কামনা করে মোনাজাত, ইমামসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরে জুমার নামাজ শেষে যুদ্ধাপরাধীদের মুক্তি এবং বর্তমান সরকারের ধ্বংস কামনা করে মোনাজাত পরিচালনাকারী এক ইমামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।দিনাজপুর শহরের সুইহারী শ্রমিক ইউনিয়ন জামে মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা মো. সাইদুর রহমান বলেন, গত শুক্রবার তিনি ওই মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে মোনাজাতের সময় ইমাম যুদ্ধাপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত ও আটক জামায়াতে ইসলামীর নেতাদের নাম উল্লেখ করে তাঁদের মুক্তি কামনা এবং বর্তমান সরকারকে নাস্তিক আখ্যা দিয়ে ধ্বংস কামনা করেন। মোনাজাত শেষ হলে সাইদুর রহমান ইমাম সাহেবের কাছে গিয়ে এর প্রতিবাদ করলে তাঁর নির্দেশে মসল্লির ছদ্মবেশে মসজিদে থাকা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁকে (সাইদুর) মারধর করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুসল্লিদের সঙ্গে কথা বলে এর সত্যতা পায়। এরপর গত সোমবার রাতে সদর উপজেলার বটতলী এলাকা থেকে সাইফুল্লাহেক গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওই দিন রাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের বাহাদুরবাজার এলাকা থেকে ফ্রিল্যান্স ফটোসাংবাদিক নূর ইসলাম এবং রামনগর এলাকা থেকে জামায়াতে ইসলামীর শুরা সদস্য তোয়াব আলীকে গ্রেপ্তার করা হয়।ওসি বলেন, দিনাজপুরের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ঘটনার অন্যতম পরিকল্পনা ও নির্দেশনার সঙ্গে জড়িত ছিলেন নূর ইসলাম। পুলিশের হেফাজতে থাকা ইমাম সাইফুল্লাহ নিজেকে জামায়াতের কর্মী বলে স্বীকার করেছেন। পাশাপাশি যুদ্ধাপরাধীদের মুক্তি এবং সরকারের ধ্বংস কামনা করে দোয়া করার কথাও স্বীকার করেন তিনি।