
কিশোরগঞ্জে ২০-দলীয় জোট আয়োজিত সমাবেশ এখনো শুরু না হলেও সমাবেশস্থল সরব করে রেখেছেন জোটের শরিক জামায়াতে ইসলামী ও শিবির নেতা-কর্মীরা। বেলা সাড়ে ১১টা থেকে তাঁরা সমাবেশস্থলের একাংশ দখলে নিয়ে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন। মাঠে এ দলটির উপস্থিতি ছাড়া জোটের অন্য কোনো দলের কর্মী-সমর্থকদের আলাদা করে শনাক্ত করা যায়নি।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি এবং দলীয় কর্মীদের উজ্জীবিত করতে সারা দেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সফর করছেন। এরই অংশ হিসেবে আজ কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা।
বেলা পৌনে ১১টার দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, জেলাটির বিভিন্ন উপজেলা থেকে জোটের কর্মী-সমর্থকেরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে কিশোরগঞ্জ সদর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদী ও পাকুন্দিয়া থেকে আসা জামায়াত-শিবিরের কর্মীরা পাঁচটি পৃথক মিছিল শ্লোগান দিয়ে মাঠে প্রবেশ করেন। তাঁদের হাতে ছিল সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী ও কামরুজ্জামানের ছবিসংবলিত ফেস্টুন। মাথায় দলের নাম লেখা টুপি। কারও কারও গায়ে গেঞ্জি। মাঠে ঢুকেই তাঁরা দক্ষিণ পাশে সারি করে অবস্থান নেন। কিছুক্ষণ পর পর হাতে থাকা ফেস্টুন উঁচিয়ে নেতাদের মুক্তি দাবিতে অনবরত শ্লোগান দিচ্ছিলেন।
জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুরিয়া গ্রাম থেকে সমাবেশে আসা আবুল ফায়েজ (২০) নামের এক তরুণ প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেতারা (যুদ্ধাপরাধী) বিপদে আছে। অনেকে জেলে। অনেকের ফাঁসির আদেশ হয়েছে। এ অবস্থায় আমরা খালেদা জিয়াকে অভিভাবক মনে করি। আজ এসেছি অভিভাবকের কাছে নেতাদের মুক্তির দাবির বিষয়ে সহযোগিতা চাইতে।’ আবুল ফায়েজ নিজেকে একজন সক্রিয় শিবির-কর্মী হিসেবে পরিচয় দেন।
ফেস্টুন হাতে দাঁড়িয়ে থাকা ইটনার রায়টুটি গ্রামের শিবির-কর্মী মো. মোকারম (১৯) বলেন, সংগঠিত হয়ে তাঁরা সমাবেশে এসেছেন। তাঁদের বিশ্বাস, আন্দোলনের মাধ্যমে তাঁরা একদিন বিপদে থাকা নেতাদের বিপদমুক্ত করবেন।
করিমগঞ্জের সিন্ধিপ গ্রামের জামায়াত-কর্মী উমর ফারুক বলেন, ‘আমাদের ওপর হাইকমান্ডের নির্দেশ হলো সমাবেশ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মুক্তির দাবিতে শ্লোগান দিয়ে যাওয়া। আমরা এ কাজটিই করব।’ একই কথা জানান, কিশোরগঞ্জ সদরের উত্তর মোল্লাপাড়ার আরেক শিবির-কর্মী আ. রহিম।
স্বাগত জানাতে ৭ শতাধিক তোরণ
নেত্রীর আগমন উপলক্ষে জেলা শহরসহ ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ৫৬ কিলোমিটার পথজুড়ে নির্মাণ করা হয়েছে অন্তত সাত শতাধিক তোরণ। দেয়ালে ও সড়কের দুই পাশে সাঁটানো হয়েছে কয়েক হাজার ব্যানার ও ফেস্টুন। বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে এসব তোরণ ও ব্যানার লাগানো হয়েছে। চোখ ধাঁধানো এ প্রচারের ফাঁকে ফাঁকে জামায়াতে ইসলামীর ব্যানার ও তোরণও দেখা গেছে। তাদের তোরণে যুদ্ধাপরাধীদের ছবি বসিয়ে মুক্তি দাবি করা হয়েছে।
কিশোরগঞ্জের পথে খালেদা জিয়া
কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে রওনা হন তিনি।