যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের মৃত্যুদণ্ড ঠেকাতে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে পরিকল্পিতভাবে নাশকতা করছে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে সাধারণ মানুষ ও পুলিশের ওপর হামলা চালানো শুরু করেছে। গত ছয় মাসে পাকিস্তান থেকে ২০০ জঙ্গি এ দেশে প্রবেশ করেছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের স্টুডিও থিয়েটার মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে এক আলোচনা সভায় শাহরিয়ার কবির এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ, ব্লগার, বিদেশি নাগরিকসহ একের পর এক হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আইএসআই তাদের এ দেশীয় সহযোগীদের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
‘যুদ্ধাপরাধীদের বিচার এবং চলমান সন্ত্রাস: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এ সভায় আরও বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, নারীনেত্রী নূরজাহান খান, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মোরশেদ আনোয়ার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের আহ্বায়ক সীমান্ত তালুকদার।
শাহরিয়ার কবির বলেন, পুলিশের পক্ষে জঙ্গিদের চোরাগোপ্তা হামলা প্রতিরোধ করা সম্ভব নয়। পুলিশকে আরও প্রশিক্ষিত করে এবং সুযোগ-সুবিধা বাড়িয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত করতে হবে। এখন আর আত্মরক্ষা নয়, পাল্টা আক্রমণ চালাতে হবে। তিনি বলেন, বলা হচ্ছে মামলার সংখ্যা কম, তাই ট্রাইব্যুনাল দুটির একটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু মামলার সংখ্যা কম নয়, অবিলম্বে এটিকে পুনরুজ্জীবিত করতে হবে। দল হিসেবে জামায়াতের বিচার করতে হবে।
অনুপম সেন বলেন, যারা স্বাধীনতাকে মেনে নেয়নি, তারা শুরু থেকেই স্বাধীনতাকে বিনষ্ট করার চেষ্টা করছে। দেশে সাম্প্রতিক যে হত্যাকাণ্ড ও অরাজকতা শুরু হয়েছে, তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সব শক্তিকে একত্র হতে হবে।