দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের আন্দোলনের মূল লক্ষ্য হলো যুদ্ধাপরাধীদের রক্ষা করা। এ কারণে তারা দেশব্যাপী জ্বালাও-পোড়াও, ভাঙচুর এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। তাদের তথাকথিত আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের কোনো সংশ্লিষ্টতা নেই।
দিনাজপুরের চিরিরবন্দর পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এক কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ওই ভবন নির্মাণ করা হচ্ছে। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সঠিক সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হান্নান মো. সাদেক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।