যুদ্ধাপরাধীদের রক্ষার কোনো কর্মসূচি সহ্য করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় অপশক্তি তৎপরতা শুরু করেছে। তারা গার্মেন্টস, রাজনীতির মাঠ—সব জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, চলতি বছর সারা দেশে ১৩ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের আইনশৃঙ্খলাসংক্রান্ত বিশেষ সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় অপশক্তি কিছু মসজিদ-মাদ্রাসাকে ব্যবহারের চেষ্টা করছে। দেশকে নানাভাবে অস্থিতিশীল করতে চাইছে। কী গার্মেন্টস কী রাজনীতির মাঠ। প্রতিমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার কোনো কর্মসূচি বরদাশত করা হবে না। প্রতিমন্ত্রী রোজাকে সামনে রেখে জাহাজ থেকে দ্রুত পণ্য খালাসের দিকটি তদারক করার আহ্বান জানান। নগরের সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকের হোছাইন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান মিয়া, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম, র‌্যাব-৭-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল সাজ্জাদ হোসাইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন। এ ছাড়া বিডিআর, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।