বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে খালেদা জিয়ার এখন আর কোনো রাখঢাক নেই। তিনি এখন ঝাঁপি খুলেই মাঠে নেমেছেন।রাশেদ খান মেনন বলেন, খালেদা জিয়া বুধবারের পথসভায় জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে ট্রাইব্যুনাল অচল করারও হুমকি দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন নয়, বস্তুত যুদ্ধাপরাধী গোলাম আযম-নিজামী-মুজাহিদদের রক্ষা করাই তাঁর আন্দোলনের লক্ষ্য। রাশেদ খান মেনন গতকাল শুক্রবার সকালে রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের এক সভায় এ কথা বলেন।৩১ ডিসেম্বর সাত দলের বিক্ষোভ ও সমাবেশের প্রস্তুতি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। ওয়ার্কার্স পার্টির মহানগর শাখার ভারপ্রাপ্ত সম্পাদক কিশোর রায়ের সভাপতিত্বে প্রস্তুতি সভায় পার্টির পলিটব্যুরোর সদস্য নুরুল হাসান, নগর কমিটির সদস্য আবুল হোসাইন, মোস্তফা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস।