রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপি ও জামায়াত চক্র পরিকল্পিতভাবে দেশে অন্তর্ঘাতমূলক নৈরাজ্য শুরু করেছে।ট্রেনে চড়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে গতকাল রোববার দুপুরে ফেনী রেলস্টেশনে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।ট্রেনটি বেলা একটা ৪২ মিনিটে ফেনী স্টেশনে পৌঁছায়। এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারীসহ দলীয় নেতা-কর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। তাঁরা মন্ত্রীর কাছে লিখিত আকারে ফেনীর যাত্রীদের জন্য বিভিন্ন ট্রেনে আসনসংখ্যা বৃদ্ধি, কমিউটার ট্রেন ও ফেনী-বিলোনিয়া রেললাইন সংস্কার করে পুনরায় ট্রেন চালুসহ বিভিন্ন দাবি জানান।ট্রেনের দরজায় দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে সুরঞ্জিত বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কোনো অশুভ শক্তি এই বিচার কার্যক্রম ঠেকাতে পারবে না।