মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন, সমাবেশ
যুদ্ধাপরাধীদের রক্ষায় ষড়যন্ত্রের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষার ষড়যন্ত্র করছেন, এমন অভিযোগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গতকাল রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।মুক্তিযোদ্ধা সংসদের এক বিবৃতিতে বলা হয়, ঢাকায় পুরাতন হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সামনে গতকাল সকালে মানববন্ধনের আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, ঢাকা মহানগর কমান্ড ও প্রাতিষ্ঠানিক কমান্ড। পরে সেখানে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম বলেন, ‘মুক্তিযোদ্ধারা তাঁদের সন্তানদের নিয়ে প্রস্তুত। সাক্ষীরা আদালতে নির্ভয়ে সাক্ষী দিবে। আমরা পাশে থাকব, ভয়ের কোনো কারণ নেই। যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার জন্য মুক্তিযোদ্ধারা ’৭১-এর প্রত্যয় নিয়ে রাজপথে থাকব।’সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান, সুলতান উদ্দিন আহমদ, মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, মহাসচিব (অর্থ) মনোয়ারুল হক খান, মহাসচিব (কল্যাণ ও পুনর্বাসন) মো. মনিরুল হক, যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী প্রমুখ।বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য দাবি জানান। একই সঙ্গে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন অভিযোগ করে তাঁকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান নেতারা।সমাবেশ শেষে মুক্তিযোদ্ধার সন্তানেরা বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মহানগরে ট্রাক র্যালি ও সমাবেশ করেন।এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে, উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও কুড়িগ্রামের উলিপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর বাগমারা, নেত্রকোনা, শেরপুরের নালিতাবাড়ী, জামালপুরের সরিষাবাড়ী, ময়মনসিংহের ভালুকা ও নান্দাইল, কিশোরগঞ্জের কটিয়াদী, গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ীর গোয়ালন্দ, সিলেটের ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জ, গাজীপুরের শ্রীপুর, ঢাকার নবাবগঞ্জ, বাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কুমিল্লার লাকসাম, ফেনী, খাগড়াছড়ি, পিরোজপুর, পটুয়াখালী, নোয়াখালী ও খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বলে আমাদের আঞ্চলিক অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান। এসব মানববন্ধন ও সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় নেতারা বক্তব্য দেন।