যুদ্ধাপরাধীদের রক্ষায় 'হাসিনামুক্ত বাংলাদেশ' চান খালেদা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হটাও হাসিনা, বাঁচাও দেশ’—সিলেটে বেগম খালেদা জিয়ার এ বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতেই বিরোধী দলের নেতা ‘হাসিনামুক্ত বাংলাদেশ’ চান। কারণ উনি ভালো করেই জানেন যে শেখ হাসিনা বেঁচে থাকলে যুদ্ধাপরাধীর বিচার হবেই। আর কেউ জীবনের ঝুঁকি নিয়ে এ কাজ করবে না।
গতকাল রোববার গণভবনে আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময় বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ধারাবাহিক মতবিনিয় সভার অংশ হিসেবে গতকাল শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, মেহেরপুর, মাদারীপুর, নড়াইল ও জয়পুরহাট জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
দেশবাসীকে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। রায় দেওয়া হচ্ছে, তা কার্যকরও হবে।’ তিনি আরও বলেন, ‘আমি না থাকলে উনি (বিরোধীদলীয় নেতা) যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে মন্ত্রী বানাতে পারবেন। আবারও লাখো শহীদের রক্তস্নাত জাতীয় পতাকা তাদের গাড়িতে তুলে দিতে পারবেন। এ কারণেই তিনি আমাকে দেখতে চান না।’
‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’—খালেদা জিয়ার এই মন্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, ‘উনি (খালেদা জিয়া) তো সাপ নিয়েই আছেন। স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ও হেফাজতকে নিয়ে উনি চলেন বলেই সাপকে বিশ্বাস করেন, আওয়ামী লীগকে নয়।’
খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘উনি যে আমাকে চান না, এটা জানি। ওনার পুত্র, মন্ত্রীসহ অন্যরা ২১ আগস্ট আমাকে হত্যা করতে চেয়েছিলেন। কোটালীপাড়ায় আমার সমাবেশে বোমা পুঁতে রেখেছিলেন। চট্টগ্রামে ১৯৮৮ সালে আমার মিছিলে যাঁর নেতৃত্বে গুলি করা হয়েছিল, তাঁকে পদোন্নতি দিয়েছিলেন। আমাকে কষ্ট দেওয়ার জন্য ১৫ আগস্ট উৎসব করে জন্মদিন পালন করেন। এগুলো থেকেই স্পষ্ট করে দিয়েছেন, উনি আমাকে চান না।’