যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের দাবি গণজাগরণ মঞ্চের
অবিলম্বে যুদ্ধাপরাধীদের রায় কার্যকর ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে জয়যুক্ত করারও আহ্বান জানিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘সরকারকে অবিলম্বে সব যুদ্ধাপরাধীর রায় কার্যকর ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’
ইমরান বলেন, ‘আপনারা সংলাপ বা আলোচনা যা-ই করেন না কেন, নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট করতে হবে, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার সঙ্গে আপনাদের কী সম্পর্ক? আগামী জাতীয় নির্বাচন হবে সাম্প্রদায়িকতা ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে নির্বাচন।’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র আরও বলেন, স্বাধীনতাবিরোধীরা রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা চালাচ্ছে। গণমাধ্যমকর্মীদের ওপর আক্রমণ করছে, বিচারকদের বাসায় বোমা মারছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, ‘যারা বোমা মারে, জাতীয় পতাকাকে সম্মান করে না, জাতীয় সংগীত গায় না, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।’
নারী শ্রমিক জোটের সভাপতি উম্মে হাবিবা বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না, সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ চায় না, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই।’
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ হাক্কানি শরিফের মহাসচিব আবদুল বাতেন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ প্রমুখ।