যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের দাবি সেক্টর কমান্ডারসের
সেক্টর কমান্ডারস ফোরামের আলোচনা সভায় বক্তারা মৌলবাদী জঙ্গিদের অর্থ ও অস্ত্রের উত্সমুখ বন্ধ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান সরকারের আমলেই বিচারের মুখোমুখি হওয়া মানবতাবিরোধী অপরাধীদের বিচারপ্রক্রিয়া শেষ ও রায় কার্যকরের দাবি জানিয়েছেন তাঁরা। এ ছাড়া জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
আজ শনিবার ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও’ শীর্ষক আলোচনাসভায় বেশির ভাগ বক্তা এ দাবি জানান। রাজধানীর জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান পরিকল্পনামন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধীদের এখন বিচার হচ্ছে। বিচারে রায়ও হয়েছে। আমি সরকারকে অনুরোধ করব, যাঁদের রায় হয়েছে এবং যাঁরা চরম দণ্ড পেয়েছেন, তাঁরা যেন আবার আপিল করতে না পারেন। এ সুযোগটি যেন প্রত্যাহার করে নেওয়া হয়। কারণ, যে অপরাধ তাঁরা করেছেন, সেই অপরাধে তাঁরা এই সুযোগ পেতে পারেন না।’
প্রধান অতিথির বক্তব্যে এম আমীর উল ইসলাম বলেন, ‘হেফাজতের মালিক তো আমরা কোনো মানুষ না। হেফাজত করার মালিক তো একজন। সবকিছু ভূলুণ্ঠিত করছে তারা। ধর্মের জন্য, সভ্যতার জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের জন্য, মানবিক অধিকারের জন্য আজকে বাংলাদেশের মানুষকে ধর্মবর্ণ-নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’ সন্ত্রাস দমন আইন প্রয়োগের ওপর জোর দেন তিনি।
সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ বলেন, ‘একাত্তরে জামায়াত কী করেছে, মুক্তিযোদ্ধারা কী করেছে, তা জানাতে হবে। যাঁদের বিচার শেষ হয়েছে, তাঁদের রায় কার্যকর করতে হবে। জামায়াতের টাকা-পয়সার সূত্রগুলো বন্ধ করতে হবে। অর্থের উত্সগুলো রাষ্ট্রায়ত্ত করতে হবে। সরকারের কাছে দাবি, এই সময়ের মধ্যে যাঁরা বিচারাধীন আছেন, তাঁদের বিচার কার্যক্রম শেষ করতে হবে। রায় পর্যন্ত কার্যকরী করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বিচারপ্রক্রিয়া চলছে। বিচারপ্রক্রিয়া প্রলম্বিত, বিঘ্নিত ও নস্যাত্ করার ষড়যন্ত্র এর সঙ্গে আছে। জনগণের ঐক্য যেখানে আছে, সেখানে বিজয় সুনিশ্চিত। অর্থাত্ এই দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশই হবে। দেশে মুক্তিযুদ্ধের বিপরীত কোনো শক্তি থাকতে পারে না।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিনিয়র সহ-সভাপতি হায়দার আকবর খান বলেন, ‘৪০ বছর পর হলেও যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। বিচার যখন শুরু হয়েছে, তখন এ কথা মনে করার কারণ নাই, ওই শক্তি চুপ করে বসে থাকবে। এদের দুটি কার্যপদ্ধতি। সন্ত্রাস ও মিথ্যাচার করে চলেছে। যারা যুদ্ধাপরাধীদের বিচার চাচ্ছে, তাদের ইসলামবিরোধী বলা হচ্ছে। ওই বিচার নিয়ে আরেকটি আন্তর্জাতিক প্রচারও আছে। এটা নাকি মানসম্মত হচ্ছে না, যথেষ্ট স্বচ্ছ না। এর জবাবটা ভালোমতো দিচ্ছি না। এই শক্তি এত শক্তিশালী নয়, এদেরকে আমরা পরাজিত করতে পারি। এ জন্য দৃঢ় হতে হবে। যথাযথভাবে রাষ্ট্রশক্তিকে প্রয়োগ করতে হবে। জনশক্তি কাজে লাগাতে হবে। জনশক্তি কাজে লাগাতে হবে, কতগুলো সংগ্রাম অব্যাহত রাখতে।’
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, তাদের সমূলে উত্পাটন করতে হলে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি শক্তিশালী মোর্চা তৈরি করতে হবে। সরকারের কাছে আবেদন, এই যুদ্ধাপরাধীদের বিচারকে রাজনৈতিক ফল পাওয়ার জন্য যেন ব্যবহার না করা হয়। যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রমকে সফলতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। এ প্রজন্মের মুক্তিযোদ্ধারা কঠোরভাবে দায়িত্বটি পালন করবে। তারা হবে বিচারকাজের সবচেয়ে বড় দিশারি ও শক্তি।’
জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবুল বারকাত মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করা এবং যার যার অবস্থান থেকে পুরো প্রক্রিয়ায় একাত্তরের মতো জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান ।
কমিটির চেয়ারম্যান এ কে খন্দকারের সভাপতিত্বে আলোচনাসভায় কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষ নাজমা শাহীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, ফোরামের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ পাটওয়ারী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন।