স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধীদের শুরু হওয়া বিচারকাজ চলতেই থাকবে। পৃথিবীর বিভিন্ন দেশেও যুদ্ধাপরাধীদের বিচার দীর্ঘদিন ধরেই চলছে। গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে গতকাল শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।নরসিংদীর মেয়র লোকমান হত্যা মামলা সম্পর্কে মন্ত্রী বলেন, ওই মামলার অনেক আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।গাজীপুরের বিভিন্ন স্থান থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম উপলক্ষে গতকাল রাজবাড়ি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও এতে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান, গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন, গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা সঞ্চালন করেন জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।সাহারা খাতুন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে যুদ্ধাপরাধীদের চিহ্নিত করা হবে। যত দিন যুদ্ধাপরাধীরা চিহ্নিত হবে, তত দিনই বিচার চলবে। মেয়র লোকমান হত্যা মামলা সম্পর্কে তিনি বলেন, মামলাটির অনেক আসামি গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী মাদকমুক্ত পরিবেশ তৈরিতে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ারও আহ্বান জানান।অনুষ্ঠান শেষে ৫২১ গ্রাম হেরোইন, চার হাজার ৮৩৪ বোতল ফেনসিডিল, তিন হাজার ২০৭টি ইয়াবা বড়িসহ প্রায় অর্ধকোটি টাকার মাদক ধ্বংস করা হয়।