আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যাঁরা বিদ্যুৎ-পানির সমস্যা সমাধানের পর যুদ্ধাপরাধীদের বিচার করার কথা বলেন, তাঁরা আসলে যুদ্ধাপরাধীদের বিচার বিঘ্নিত করতে চান। একই সঙ্গে যুদ্ধাপরাধীরাও বিচার-প্রক্রিয়া ভণ্ডুল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্র রুখতে প্রস্তুত থাকতে হবে। গতকাল শুক্রবার বিকেলে মিরপুর-১২ নম্বর সেকশনে বিআরটিসি বাস ডিপোর সামনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত এক সমাবেশে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। মহানগর ১৪ দল এই সমাবেশের আয়োজন করে। সৈয়দ আশরাফ বলেন, যুদ্ধাপরাধীদের হাজার হাজার কোটি টাকা আছে। দেশি-বিদেশি নানা ধরনের যোগাযোগও আছে তাদের। সেগুলো ব্যবহার করে তারা ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র নস্যাত্ করে দিতে হবে। স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধু ১১ হাজার যুদ্ধাপরাধীকে কারাগারে পাঠিয়েছিলেন। বিচার-প্রক্রিয়া ভালোভাবেই চলছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে তাদের কারাগার থেকে মুক্ত করে দেন। গোলাম আযমকে দেশে আসার সুযোগ করে দেন। শাহ আজিজুর রহমানের মতো রাজাকারকে প্রধানমন্ত্রী করেন। অনেক চিহ্নিত যুদ্ধাপরাধী-রাজাকারকে সামরিক শাসনের আড়ালে নির্বাচন দিয়ে সাংসদও বানিয়েছেন জিয়া।বর্তমান সরকার পানি ও বিদ্যুৎ সমস্যার কার্যকর সমাধানে কাজ করছে বলে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, বিএনপি এখন পানি-বিদ্যুৎ সমস্যা নিয়ে কথা বললেও নিজেরা ক্ষমতায় থাকার সময় এগুলোর সমাধান করেনি। পানি নিয়ে ব্যবসা করেছে। সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংসদ কামাল আহমেদ মজুমদার, আসলামুল হক, মহানগর ১৪ দলের নেতা হারুন চৌধুরী।