যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী চক্রের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সচেতন থাকার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই যুদ্ধাপরাধীদের বিচার অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন। গতকাল বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি হেলাল মোর্শেদ বীরবিক্রম, মহাসচিব এমদাদ হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের ৪১ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। শেখ হাসিনা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে যারা আজও মেনে নেয়নি, তারা বসে নেই। তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেনো, যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যায়কারীরা রেহাই পাবে না। যুদ্ধাপরাধীদের বিচারে তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করেন।প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, এরই মধ্যে ২০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যারা দেশ স্বাধীন করেছে, তারা অবহেলিত থাকবে, তা হতে পারে না। তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। তিনি সরকারের পাশাপাশি সমাজে প্রতিষ্ঠিত বিত্তবান মুক্তিযোদ্ধাদের প্রতি দুস্থ ও দরিদ্র মুক্তিযোদ্ধাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, প্রধামন্ত্রীর মুখ্যসচিব, এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত এ সময় উপস্থিত ছিলেন।চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রতিনিধিদলের সাক্ষাৎবাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একটি প্রতিনিধিদল গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। সমিতির সভাপতি কাজী ফিরোজ রশীদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় প্রধানমন্ত্রী চলচ্চিত্র প্রদর্শকদের প্রতি সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনের আহ্বান জানান। খবর বাসসের।বৈঠককালে প্রতিনিধিদলের সদস্যরা চলচ্চিত্র নির্মাণে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রী শক্তিশালী মাধ্যম হিসেবে চলচ্চিত্রের গুরুত্ব তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় চলচ্চিত্র ভূমিকা রাখতে পারে। তিনি দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে নেওয়ার জন্য হলগুলোর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং আধুনিক ও উন্নত প্রযুক্তির ছবি প্রদর্শনের ওপর জোর দেন।