যুদ্ধাপরাধীদের সঙ্গ ছেড়ে বিএনপিকে সংসদে এসে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংসদে কথা বলারও অনুরোধ করা হয়েছে।গতকাল মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে পরিবেশ ও বনমন্ত্রী এবং দলীয় প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ আহ্বান জানান। এ সময় তিনি সরকারের চার বছরের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, দেড় কোটি মানুষের ঢাকা শহরে গুটিকয়েক বিএনপি-জামায়াত কর্মীর মানববন্ধন জনমতের প্রতিফলন নয়। তা ছাড়া মানবপ্রাচীরে জামায়াত-শিবিরের আধিক্য বেশি ছিল। বিরোধী দল হিসেবে বিএনপি চরম ব্যর্থ। হাছান মাহমুদ বিএনপির নেতা তরিকুল ইসলামের বক্তব্য উল্লেখ করে বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যখন বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে, তখন ঈর্ষান্বিত হয়ে কেবল বিরোধিতার কারণে অযৌক্তিকভাবে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করার দরকার ছিল কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। অভিযোগ থাকলে যে কাউকে গ্রেপ্তার করা যায়। তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলের ডাকা হরতাল সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতাল একটি গণতান্ত্রিক অধিকার। সংবাদ সম্মেলনে বদিউজ্জামান ভূইয়া, ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।