যুদ্ধাপরাধীদের সম্পত্তি আইন করে বাজেয়াপ্ত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের শুধু বিচারই করা হবে না, তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হবে।
ভাটিয়াপাড়া মুক্ত দিবস উপলক্ষে গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বদ্ধভূমি-সংলগ্ন রেলওয়ে মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সম্পদ বাজেয়াপ্ত করার আইন না থাকলে নতুন আইন তৈরি করে যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তিই বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যবহার করা হবে।
জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, যুদ্ধাপরাধীর দল জামায়াতে ইসলামীর এ দেশে রাজনীতি
করার কোনো অধিকার নেই। ৪৪ বছর পরও তাদের স্বভাবের পরিবর্তন হয়নি। তারা জাতির কাছে ক্ষমা চায়নি। অচিরেই তাদের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হবে।
কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলরের কমান্ডার এনায়েত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমান্ডের সহসভাপতি মুক্তিযোদ্ধা ইসমত কাদীর, সহসাংগঠনিক সম্পাদক এস এম মজিবুর রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুর হক নুরুজ্জামান, যুদ্ধকালীন কমান্ডার নুর মোহাম্মদ প্রমুখ।