যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করায় সন্তোষ প্রকাশ করে তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। কমিটির আইনবিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তুরিন আফরোজের মতে, তাঁদের ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশ নয়, বিশ্বসভ্যতা কলঙ্কমুক্ত হলো।
গতকাল শনিবার রাতে দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করার পর দেওয়া প্রতিক্রিয়ায় নির্মূল কমিটির ওই দুই নেতা মুঠোফোনে এ কথা বলেন। তাঁরা বাকি যুদ্ধাপরাধীদের বিচারও যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দ্রুত শেষ করার দাবি জানান।
শাহরিয়ার কবির তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই দুই কুখ্যাত যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়েই ট্রাইব্যুনালকে তাঁর দায়িত্ব শেষ করলে হবে না। তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়েছিলেন, মন্ত্রী-সাংসদ হয়েছেন। বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন। ট্রাইব্যুনালের উচিত যুদ্ধাপরাধীদের সব সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবারগুলোকে দিয়ে দেওয়া।
শাহরিয়ার কবির জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধীদের দল হিসেবে চিহ্নিত করে বলেন, এই দলের যুদ্ধাপরাধীদের শুধু বিচার করলে হবে না। দলটিকে যুদ্ধাপরাধের দায়ে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে, নিষিদ্ধ করতে হবে। তাদের সব আর্থিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক-সামাজিক সংগঠন নিষিদ্ধ করতে হবে।
তুরিন আফরোজ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার ও ন্যায়বিচারের জন্য আমরা এতটা বছর ধরে অপেক্ষায় ছিলাম। আজ সেই অপেক্ষার শেষ হলো। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তাই আমি নিজেকে গর্বিত মনে করছি। কেননা, এই দেশ এত দিন পরে হলেও যুদ্ধাপরাধীদের বিচার করেছে এবং তা বাস্তবায়ন করে ছেড়েছে।’