যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তসহ তাদের পরিবারের সদস্যদের নাগরিকত্ব বাতিল করতে সবাইকে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান। গতকাল বৃহস্পতিবার রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ রাজশাহী মহানগর শাখার সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শাজাহান খান আরও বলেন, ‘মুক্তিযোদ্ধারা সবাই মুক্তিযোদ্ধা সংসদে ভোট দেন। মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক মতের লোক থাকতে পারে। কিন্তু জয় বাংলা স্লোগান দেওয়ার ব্যাপারে যাঁদের আপত্তি, বঙ্গবন্ধুকে যাঁরা জাতির পিতা হিসেবে স্বীকার করেন না, তাঁরা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতে পারেন না।’
সকালে পতাকা ও ফেস্টুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান। মুক্তিযোদ্ধা হাকিম আতাউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া।