চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশে সম্মিলিত সাংস্কৃৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘গণজাগরণ মঞ্চের একটাই দাবি, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। আমরা ধর্মের বিরুদ্ধে নই। আমরা সব ধর্মের সমান মর্যাদায় বিশ্বাস করি। আমরা নাস্তিক নই। গণজাগরণ মঞ্চের ৩৮ দিনে এমন কোনো বক্তব্য রাখা হয়নি, যেটা ইসলামের বিরুদ্ধে যায়।’ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চে বোমা হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ বলেন, ইমরান একজন সৎ-ধর্মপ্রাণ মানুষ। তাঁকে নিয়ে যে ধারণা দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়। এটি জামায়াত-শিবিরের রটনা। গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহানের সঞ্চালনায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এস এম শুভ, ছাত্রফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান শাকন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক হাবিবুর রহমান তারেক, আবদুল্লাহ আল মামুন ও আশিকুন্নবী, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি আশীষ ভৌমিক, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি আবদুর রউফ, ছাত্র ফেডারেশনের সহসাধারণ সম্পাদক আল জাহিদ, ছাত্র ইউনিয়নের আরিফুল ইসলাম, ছাত্রসংহতির সাধারণ সম্পাক রাশেদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। গতকাল বিকেল পাঁচটায় সমাবেশ শুরুর আগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ শ্রেণী-পেশার মানুষ মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। কানায় কানায় ভর্তি হয় প্রেসক্লাব চত্বর। এ সময় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসিসহ চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমাবেশস্থল ও চট্টগ্রাম প্রেসক্লাবে ককটেল হামলার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। সমাবেশে বক্তব্যের পাশাপাশি চলছে উদীচীসহ বিভিন্ন সংগঠনের পরিবেশনায় গণসংগীত। আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ এর আগে আবৃত্তি পরিবেশন করেন।