
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় মাইলের পর মাইল জনবসতি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ধর্ষণ করা হয়েছিল নারীদের, হত্যা করা হয়েছিল শিশুদের। আমি নিজের চোখে দেখেছি, সব খানে লাশ আর লাশ।...যুদ্ধাপরাধীদের সাজা পেতেই হবে।’
ব্রিটেনের বিখ্যাত সাংবাদিক ডেভিড ফ্রস্ট মারা যাওয়ার অল্প কয়েক দিন আগে তাঁকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেছেন। গত ৩১ আগস্ট ফ্রস্ট যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেন। ফ্রস্টের এটিই ছিল কোনো সরকারপ্রধানের নেওয়া জীবনের শেষ সাক্ষাৎকার।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা সাক্ষাৎকারটি ধারাবাহিকভাবে প্রচার করা শুরু করেছে। প্রতি সপ্তাহে আন্তর্জাতিক মান সময় (জিএমটি) শুক্রবার ২০টা, শনিবার ১২টা, রোববার একটা ও সোমবার ছয়টায় সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে। জিএমটির সঙ্গে ছয় ঘণ্টা যোগ করলে বাংলাদেশ সময় পাওয়া যায়।
সাংবাদিক ডেভিড ফ্রস্ট ৪১ বছর আগে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার নিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার পর তাঁর সাক্ষাৎকার নেন ফ্রস্ট।
এবার শেখ হাসিনার সাক্ষাৎকারের সঙ্গে ফ্রস্ট তুলে ধরেছেন ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তানের সৃষ্টি এবং এরপর বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপট। উল্লেখ করা হয়েছে ১৯৫২ সালের ভাষা-আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা।
প্রধানমন্ত্রীর সঙ্গে টুঙ্গিপাড়া সফর করেন ডেভিড ফ্রস্ট। এ সময় তাঁকে নিজের বেড়ে ওঠা ও পরিবারের গল্প শোনান শেখ হাসিনা। দাদা-দাদির স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘তাঁরা আমাকে স্কুলে যেতে দিতেও ভয় পেতেন। খালের ওপর একটি কাঠের সেতু পার হয়ে আমাকে স্কুলে যেতে হতো। তিনি (দাদি) খুব ভয় পেতেন, যদি আমি সেতু থেকে খালে পড়ে যাই।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের সেই দুর্বিষহ স্মৃতির কথাও সাক্ষাৎকারে উল্লেখ করেন শেখ হাসিনা, যে রাতে তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যা করেন সেনাবাহিনীর বিপথগামী সদস্যরা। হাসিনা বলেন, ‘আমার বাবা বাঙালিকে অসম্ভব ভালোবাসতেন। সেই তারা কীভাবে পারল তাঁকে হত্যা করতে?’
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর এ-দেশীয় দোসরদের বিচারের মুখোমুখি করা কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করেন, তা ব্যাখ্যা করেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া সফরের সময় শেখ হাসিনা তাঁর পৈতৃক বাড়ি ডেভিড ফ্রস্টকে দেখিয়ে বলেন, ‘তারা এই বাড়িতে হামলা চালিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। আমার দাদা-দাদি তখনো জীবিত। সেই সময় যাঁরা পরিবারের সদস্যদের হারিয়েছেন, এটা তাঁদেরই দাবি—অপরাধীদের বিচার করতেই হবে।’