স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম শহীদ মিনারে মানুষের ঢল
যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়ার অঙ্গীকার

ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছে মানুষ। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নিয়েছে শহীদ মিনারে সমবেত হাজারো মানুষ। অঙ্গীকার করেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার। একই সঙ্গে যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছে তারা।

গত শুক্রবার রাত ১২টা ১ মিনিটে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এর আগেই হাজারো মানুষ শহীদ মিনার প্রাঙ্গণে ফুল হাতে অপেক্ষায় ছিলেন। শহীদ মিনারমুখী মানুষের স্রোত দেখা গেছে গতকাল শনিবার ভোরেও।
মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিন বলেন, নতুন করে এই মহান দিনে রাজাকার ও যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন তাঁরা। কোনো মুক্তিযোদ্ধাকে যাতে অসম্মানজনক জীবন যাপন করতে না হয়, সেদিকে খেয়াল রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শ্রদ্ধা জানানোর পর শুক্রবার দিবাগত রাতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে বিএনপি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান ও দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তারসহ পুলিশ সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, নগর যুবলীগ, উত্তর জেলা ছাত্রলীগ, নগর স্বেচ্ছাসেবক লীগ, উত্তর জেলা যুবলীগ, জাতীয় ছাত্রসমাজ, জাতীয় পার্টি নগর শাখা, জাতীয় যুবসংহতি নগর শাখাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় স্লোগানে স্লোগানে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন র্যা ব সদস্যরাও।
গতকাল সকালে গণজাগরণ মঞ্চ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ মিনারে ফুল দিয়ে স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।