প্রদীপ প্রজ্বালন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিভিন্ন স্থানে আলোচনা সভায় বক্তারা যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়ার আহ্বান জানান। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: বিকেল সাড়ে পাঁচটায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নগরের আলুপট্টির মোড় থেকে মৌন মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভুবনমোহন পার্কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ জ্বালানো হয়। পরে গণসংগীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এদিকে দিবসটি উপলক্ষে পবা উপজেলা চত্বরে শহীদ মিনার উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন।
বিরামপুর (দিনাজপুর): সকালে শিশু একাডেমি জেলা শাখার আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। শিশু একাডেমির শিশুবিষয়ক কর্মকর্তা সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
নাটোর: প্রেসক্লাবের আয়োজনে সদর আসনের সাংসদ শফিকুল ইসলামের নেতৃত্বে শহরের কানাইখালী এলাকা থেকে শোভাযাত্রা বের হয়। এটি কানাইখালী স্টেডিয়ামে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে প্রেসক্লাবে আলোচনা সভা হয়।
বাগেরহাট: ভোরে বিভিন্ন রাজনৈতিক দল, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহরের পুরোনো ডাকবাংলোর পাশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ ও ভৈরব নদের তীরে বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। এরপর বন্ধুসভার সদস্যরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহীদ স্মৃতি সংগ্রহশালার উদ্যোগে প্রভাত ফেরীসহ শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠন। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে বিশ্ববিদ্যালয়ের তিন শহীদ শিক্ষক অধ্যাপক হবিবুর রহমান, অধ্যাপক মীর আব্দুল কাইয়ূম ও অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়: সকাল সাড়ে আটটায় প্রশাসন ভবন ও আবাসিক হলগুলোর সামনে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে একটি শোক র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের পাদদেশে এসে শেষ হয়।