যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়ার প্রত্যয়
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের বিভিন্ন জেলায় গতকাল বুধবার মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। কোনো কোনো স্থানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা হয়। এরপর একে একে শোভাযাত্রা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিনা মূল্যে চিকিৎসাসেবাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: সূর্যোদয়ের পরপরই শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠের পাশে শহীদ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, মানিকগঞ্জ প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে বিজয় শোভাযাত্রা বের করা হয়।
সকাল নয়টার দিকে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে শহরের বিজয় মেলা মঞ্চে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে উপহার হিসেবে শাড়ি, চাদর ও কম্বল দেওয়া হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়।
নরসিংদী: সকালে জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। পরে জেলা প্রশাসনের উদ্যোগে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ, দুপুরে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে নারীদের আনন্দ উৎসব এবং জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয়। সন্ধ্যায় স্টেডিয়ামে চার দিনব্যাপী বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম।
এদিকে বিজয় দিবস উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এলাকায় বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ‘সেভ দ্য হেলথ’ নামের একটি সংগঠন।
কেরানীগঞ্জ (ঢাকা): উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরতে অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাজাহান, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদৌস হোসেন, মুক্তিযোদ্ধা ইউসুফ আলী চৌধুরী প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় শাখা প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল বেলা তিনটায় বিজয় শপথ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত শিশুদের দেশের জন্য কাজ করার উদ্দেশ্যে শপথ পড়ান বিশ্ববিদ্যালয় শাখা বন্ধুসভার সাধারণ সম্পাদক হাসান ইমাম। এরপর বন্ধুসভার সদস্যরা দেশাত্মবোধক গান পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। শেষে সুবিধাবঞ্চিত ৪০ জন শিশুর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।
কুমিল্লা: কুমিল্লা টাউন হল মাঠে প্রায় ১৫ হাজার লোক জড়ো হয়ে বিজয় শোভাযাত্রা বের করে। বিকেল চারটায় কুমিল্লা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই শোভাযাত্রা হয়। এতে নেতৃত্ব দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। সন্ধ্যায় টাউন হল মাঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা জাগরণের সংগীত পরিবেশন করেন।
সিলেট:নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন। পরে শিশু-কিশোর মেলা জেলা শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে একটি সাইকেল শোভাযাত্রা বের হয়। মহানগর বিএনপি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকে শোভাযাত্রা বের করে।