নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা ও যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন অনুষ্ঠানে। পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্বালনসহ বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গতকাল সোমবার স্মরণ করেছে মানুষ।
শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্যই একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সভায় নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী, খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন ধর প্রমুখ বক্তব্য দেন।
চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. সাদেকের সভাপতিত্বে সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি সামশুল আলম, আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু দেশে আজ মতপ্রকাশের স্বাধীনতা নেই। দুঃশাসন থেকে মুক্তির লড়াইয়ে সবাইকে যোগ দিতে হবে।
বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে হালিশহর মাইজপাড়ার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নগর ছাত্রলীগ।
শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ চট্টগ্রামের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শিল্পকলা একাডেমিতে গতকাল বিকেলে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। গতকাল প্রথম দিন ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় বক্তব্য দেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল জলিল, নারী নেত্রী জেসমিন সুলতানা, শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য সাইফুল আলম ও সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিন সিকদার।
বক্তারা বলেন, জাতিকে মেধাশূন্য করার জন্য শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। স্বাধীনতার ৪৪ বছর পরও পাকিস্তান মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করছে। তারা যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন করেছে। তাই যুদ্ধাপরাধমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে।
দৃষ্টি চট্টগ্রাম গতকাল সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘মুক্তির কথা শনি’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করে। এতে অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও এম এ আউয়াল।
নগরের পাহাড়তলি বধ্যভূমিতে গতকাল সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করে শোভন থিয়েটার নামে একটি সংগঠন।
থিয়েটার ইনস্টিটিউটের লেকচার হলে ‘আমাদের থিয়েটারে মুক্তিযুদ্ধ ও আগামী থিয়েটার’ শিরোনামে এক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে আলো জ্বালিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে উদীচী, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, খেলাঘর এবং ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি। প্রমা আবৃত্তি সংগঠনের উদ্যোগে স্টুডিও থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান ‘মৃত্যুঞ্জয়ী রাতের শপথ’। অনুষ্ঠানে অতিথি ছিলেন শহীদজায়া মুশতারী শফী ও মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান নগরের শহীদ মিনারে গতকাল বিকেলে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বালনের আয়োজন করে।
শিশু একাডেমী গতকাল বিকেলে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ছাড়াও শোক র্যালি এবং আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব কর্মসূচিতে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত শেষ করার দাবি জানানো হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, প্রদীপ প্রজ্বালন, পুষ্পস্তবক অর্পণ এবং মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
ফেনী: গতকাল সকালে প্রথম আলো বন্ধুসভার ফেনী সরকারি কলেজ শাখার আয়োজনে মুক্তিযুদ্ধের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)