মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, শিগগিরই রাজাকার বা যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করবে সরকার। গতকাল রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, রাজাকার বা যুদ্ধাপরাধীর তালিকা প্রণয়নের কাজ চলছে। দেশব্যাপী এ কাজ শেষ হলে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফরিদা আখতারের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের কোনো তালিকা সংরক্ষণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, দেশে ১৬২ জন তালিকাভুক্ত নারী মুক্তিযোদ্ধা আছেন।বিলম্ব ছিল বিমানের নিয়ন্ত্রণবহির্ভূত: সরকারি দলের নূরুল ইসলামের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, জেদ্দা হজ টার্মিনালের পদ্ধতিগত জটিলতা ও বিপুলসংখ্যক হজযাত্রীর কারণে ২০১০ সালের কিছু কিছু হজ ফ্লাইট বিলম্বিত হয়। এসব বিলম্ব ছিল বিমান বাংলাদেশের নিয়ন্ত্রণবহির্ভূত। হজ ফ্লাইট পরিচালনাকারী প্রতিটি এয়ারলাইনসের ফ্লাইটই বিলম্বিত হয়েছে।বেনজির আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে জি এম কাদের জানান, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত এলাকাকে পর্যটন সংরক্ষিত অঞ্চল হিসেবে চিহ্নিত করে আইনিকাঠামোতে আনা হচ্ছে। সংসদের চলতি বা আগামী অধিবেশনে এ আইন বিল আকারে উত্থাপন করা হতে পারে।স্বাধীনতার পর সেনাবাহিনীতে বেশ কয়েকটি ক্যু হয়েছে: ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময় সেনাবাহিনীতে ছোট-বড় বেশ কয়েকটি ক্যু, অভ্যুত্থান বা বিদ্রোহ হয়েছে। এসব কারণে বেশ কিছু ব্যক্তিকে প্রাণ দিতে হয়েছে। প্রচলিত বিধান অনুযায়ী নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়দের পুনর্বাসন বা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে এবং ক্যু, অভ্যুত্থান বা বিদ্রোহে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়েছে। তিনি জানান, নৌবাহিনীতে কোনো ধরনের ক্যু বা অভ্যুত্থান-সম্পর্কিত কোনো তথ্য নৌ সদর দপ্তরে নেই। বিমানবাহিনীতেও সে রকম কোনো নজির নেই। তবে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকায় বিমানবাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্য বিদ্রোহে অংশ নিয়েছিলেন। শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, চাহিদা পূরণের জন্য বিএডিসি পাঁচ লাখ টন সার আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে টিএসপি দুই লাখ, এমওপি এক লাখ ও ডিএপি দুই লাখ টন।জলবায়ু তহবিলের টাকা পাবে ৫৩টি বেসরকারি সংস্থা: প্রশ্নোত্তর পর্বে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ৫৩টি বেসরকারি সংস্থা বা এনজিও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের ২১ কোটি ৩৪ লাখ টাকা পাবে। জলবায়ুবিষয়ক ট্রাস্টি বোর্ড এ টাকা বরাদ্দের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, জাহাজের মাধ্যমে বিষাক্ত বর্জ্য দেশের সমুদ্রসীমায় আনা বন্ধ করতে বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০১১ প্রণয়ন করা হচ্ছে।