যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকর করে বাংলাদেশ আবার জেগে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক গণজাগরণ মঞ্চ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ‘দায় মুক্তি সমাবেশ’ করে। ছবি: প্রথম আলো
নিউইয়র্ক গণজাগরণ মঞ্চ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ‘দায় মুক্তি সমাবেশ’ করে। ছবি: প্রথম আলো

প্রতিটি যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠেছে। জাগরণের এ ঐক্যকে সংহত করে এগিয়ে যেতে হবে। সব ধরনের চাপ ও ষড়যন্ত্র মোকাবিলা করে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ জনতাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার সংবাদে নিউইয়র্ক গণজাগরণ মঞ্চ জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ‘দায় মুক্তি সমাবেশ’ করে। সেখান থেকে এসব আশাবাদের কথা উঠে আসে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ সমাবেশে সাধারণ প্রবাসী ছাড়াও সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং সংস্কৃতি কর্মীরা যোগ দেন। যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগসহ রাজনৈতিক নেতা-কর্মীরাও এ সমাবেশে সংহতি জানান।
দায় মুক্তি সমাবেশটি পরিচালনা করেন মুজাহিদ আনসারী। বক্তব্য দেন মুহাম্মদ উল্লাহ, জামাল উদ্দিন হোসেন, সারাফ সরকার, আব্দুল বাতেন, মুকিত চৌধুরী, প্রদীপ রঞ্জন কর, স্বীকৃতি বড়ুয়া প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপাল সান্যাল, রাজীব আহসান, নুসরাত ত্বন্নী, সাইমুম হোসেন, টিপু আলম, শিতাংশু গুহ, হাকিকুল ইসলাম, রওশন আরা, আব্দুল মালেক, সুবল দেবনাথ প্রমুখ।

বক্তারা সমাবেশে বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা দর্প করেছিল, তাদের দণ্ড কার্যকর করার মধ্য দিয়ে দেশ দায়মুক্তির আরেকটি ধাপ অতিক্রম করল। নতুন প্রজন্মের জাগরণের মধ্য দিয়েই এ দায় মুক্তি সম্ভব হয়েছে।