গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
গতকাল রোববার শাহবাগে পূর্বঘোষিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে ইমরান এইচ সরকার এ কথা বলেন। তিনি বলেন, জনগণ ও তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চায়। সরকার কোনোভাবেই যেন এ বিচারকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে।
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্য কারাদণ্ডের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী অংশ এ সমাবেশের আয়োজন করে। সাঈদীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজ সোমবার শাহবাগে সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে ‘মুক্ত আলোচনা’ অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার সমাবেশসহ চলতি সপ্তাহে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি রয়েছে গণজাগরণ মঞ্চের এই অংশের।
পরপর দুদিন পাল্টাপাল্টি কর্মসূচির পর গতকাল কামাল পাশা চৌধুরী সমর্থিত অংশ বা বাপ্পাদিত্য বসুর নেতৃত্বে ‘শাহবাগ আন্দোলন’-এরও কোনো কর্মসূচি ছিল না। গত শুক্রবার এ তিন পক্ষের পাল্টাপাল্টি সমাবেশের পর জাদুঘরের সামনে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
গতকাল সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রাপ্য শাস্তি না হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। আর এ বিষয়ে কেউ যাতে কোনো প্রতিবাদ করতে না পারে সে জন্য সরকার তাদের সমর্থিত বিভিন্ন অংশগুলো দিয়ে শাহবাগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জনগণকে বিভ্রান্ত করার জন্য তাঁদের একটি পক্ষকে দিয়ে গণজাগরণ মঞ্চের নামে সমাবেশ করাচ্ছে।
ইমরান বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকারের অবস্থানের পরিবর্তন হয়েছে।
জামায়াতের সঙ্গে আঁতাত করে রাজনীতিতে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ইমরান। এ দিন বিকেল সাড়ে চারটা থেকে মঞ্চের কর্মী-সংগঠকেরা প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।