যুদ্ধাপরাধীরা ছদ্মবেশে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেছেন, ‘জামায়াতে ইসলামী একটি প্রতারক সংগঠন। তারা নিজেদের স্বার্থে যা ইচ্ছা তা-ই করতে পারে। তারা ধর্ম ত্যাগ করে নির্বাচন কমিশনে দল নিবন্ধন করেছে। এখন তা অস্বীকার করে পুনরায় স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড চালাচ্ছে। তাই আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী যেন অংশগ্রহণ করতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে।’ তিনি আরও বলেন, বিচারকে বাধাগ্রস্ত করতে অপকৌশলের অংশ হিসেবে যুদ্ধাপরাধীরা ছদ্মাবরণে মুক্তিযোদ্ধা সংসদসহ শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুপ্রবেশ করেছে।গতকাল শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরামের কিশোরগঞ্জ জেলা সমন্বয় কমিটির অভিষেক ও আলোচনা সভায় দেওয়া বক্তব্যে কে এম সফিউল্লাহ এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের জেলা সমন্বয়কারী ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. আসাদ উল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম মাসুদুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি দীন মোহাম্মদ প্রমুখ।