মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, শিগগির যুদ্ধাপরাধীদের বিচার হবে। কেউ পালিয়ে বাঁচতে পারবে না। কোনো যুদ্ধাপরাধী বিদেশে পাড়ি দিলেও তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। গত সোমবার সন্ধ্যায় দিনাজপুর বড় ময়দানে মুক্তিযোদ্ধা-জনতার এক সমাবেশে বক্তৃতায় তিনি এ কথা বলেন।তাজুল ইসলাম প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবারের জন্য রেশন চালু, প্রতিটি জেলা ও উপজেলা সদরে একটি করে ‘মুক্তি ভবন’ নির্মাণের ঘোষণা দেন। যুদ্ধাপরাধীদের বিচারে বর্তমান সরকারের প্রতি সমর্থন জানাতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেস হোসেন।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম আজ সোচ্চার। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যেন কোনোভাবেই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নস্যাত্ করতে না পারে, সে জন্য মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তিকে সজাগ থাকতে হবে।সমাবেশে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দিনাজপুরের ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য সাবেক সাংসদ এম আবদুর রহিম, সমাজসেবায় সরদার মোশাররফ হোসেন, শিক্ষায় গোপাল চন্দ্র ভট্টাচার্য (মরণোত্তর), ক্রীড়ায় মো. আবদুস সালাম, সংস্কৃতিতে শাহজাহান শাহ্ ও সাংবাদিকতায় আ হ ম আবদুল বারী।