যুদ্ধাপরাধীরা নির্বাচনে অযোগ্য, নির্বাচনী ব্যয় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের জন্য দণ্ডিত ব্যক্তিরা নির্বাচনে অযোগ্য করার ব্যাপারে একমত হয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া নির্বাচন সামনে রেখে মন্ত্রিসভায় প্রার্থীদের নির্বাচনী ব্যয় বাড়ানো হয়েছে। প্রার্থীদের নির্বাচনী খরচ ১৫ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। তবে নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন এলাকায় ভ্রমণের ব্যয় এতে অন্তর্ভুক্ত হবে না।

আজ সোমবার মন্ত্রিসভায় গণপ্রতিনিধিত্ব আদেশ ২০১৩ (আরপিও)-এর সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ওই আদেশে এসব বিষয়ের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এসব তথ্য জানান।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ চলছে। এ পর্যন্ত ছয়জন দণ্ড পেয়েছেন। তাঁরা হলেন গোলাম আযম, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মো. কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও আবুল কালাম আজাদ। মন্ত্রিসভায় অনুমোদিত আজকের আদেশ অনুসারে দণ্ডিতেরা নির্বাচনে অযোগ্য হচ্ছেন। এ ছাড়া আরপিওর চূড়ান্ত অনুমোদনের ফলে প্রার্থীদের নির্বাচনী ব্যয় বাড়ানো হলো। প্রার্থীদের নির্বাচনী খরচ আগের তুলনায় ১০ লাখ টাকা বাড়ানো হয়েছে। আগে এই খরচ ছিল ১৫ লাখ টাকা। এখন তা ২৫ লাখ টাকা করা হয়েছে। এ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া কোনো ব্যক্তি বা দলকে অনুদান হিসেবে দেওয়া টাকার পরিমাণ ১০ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান এ ক্ষেত্রে ৫০ লাখ টাকা অনুদান দিতে পারবে। আগে এই টাকার পরিমাণ ছিল ২৫ লাখ। প্রার্থীদের জামানতের পরিমাণ ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে নির্বাচনী ব্যয় বাড়ানো হয়েছে বলে মন্ত্রিসভায় বলা হয়।

আরপিও অনুসারে, নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে থেকে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলির বিষয়ে নির্বাচন কমিশন থেকে যদি কোনো অনুশাসন দেওয়া হয়, তাহলে তা দ্রুত কার্যকর করতে হবে। নির্বাচনী মামলা করতে আগে দুই হাজার টাকা জরিমানা দিতে হতো। এখন তা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। আরপিও অনুসারে কেউ  ঋণখেলাপি হলে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

মন্ত্রিসভার বৈঠকে মাল্টি লেভেল মার্কেটিং কার্যকর আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগের ২০১২ ও ২০১৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হয়েছে। তাতে বলা হয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে, সিস্টেম লস কমাতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিক্ষার আরও উন্নয়ন করতে হবে। তবে ওই আদেশে লাভজনক পদ ও প্রার্থিতা বাতিলের ব্যাপারে কোনো সংশোধনী দেওয়া হয়নি।