যুদ্ধাপরাধে দণ্ডিত মুজাহিদ জামায়াতের প্রার্থী!

আগামী নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে চূড়ান্ত করা হয়েছে।তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন।
২ সেপ্টেম্বর যুদ্ধাপরাধীরা ভোটার থাকতে পারবেন না—এমন বিধান রেখে ভোটার তালিকা (দ্বিতীয় সংশোধন) আইন-২০১৩-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়। খসড়া অনুযায়ী, দালাল আইন-১৯৭২ বা আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন-১৯৭৩-এর আওতায় কোনো ব্যক্তি দণ্ডিত হলে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এমন দণ্ডিত ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তও হবে না। তবে মন্ত্রিসভায় ওই অনুমোদন সত্ত্বেও নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা জামায়াত। ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত। সম্প্রতি দলীয় এক সভায় ওই দুই আসনে দলীয় প্রার্থী চূড়ান্তও করে ফেলা হয়েছে। তাঁরা হলেন ফরিদপুর-৩ (সদর) আসনে দলীয় সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে মধুখালী উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান। জেলা জামায়াত সূত্রে জানা গেছে, দুই প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি তাদের পক্ষ থেকে ফরিদপুর সদর আসনের ভোটারদের উদ্দেশে ‘জামায়াতের পক্ষে শুভেচ্ছা নিন’ জানিয়ে পোস্টারিং করা হয়েছে।
জেলা জামায়াতের আমির শামসুল ইসলাম আজ সোমবার প্রথম আলো ডটকমকে বলেন, ‘জামায়াত একটি নির্বাচনমুখী দল। এর আগে সব জাতীয় নির্বাচনে জামায়াত দলীয় অথবা জোটগতভাবে অংশ নিয়েছে। আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনেও আমরা অংশ নেব। এই অংশগ্রহণের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। ওই দুই আসনের প্রার্থী আমরা চূড়ান্ত করে ফেলেছি।’
জামায়াতের দুই চূড়ান্ত প্রার্থীর মধ্যে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। যদিও ওই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা হয়েছে। এ পর্যায়ে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত দেয়নি নির্বাচন কমিশন। এ ব্যাপারে জেলা জামায়াতের আমির শামসুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘নির্বাচন কমিশন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা প্রার্থী ঘোষণা করেছি। নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা দিলে আমরা দলীয় ফোরামে বসে বিকল্প নতুন প্রার্থী মনোনয়ন দেব।’
জেলা জামায়াতের সদস্য আব্দুস তাওয়াব প্রথম আলো ডটকমকে জানান, ফরিদপুর-৩ (সদর) আসনটি তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ফরিদপুর সদরেই জামায়াতের সেক্রেটারি জেনারেলের বাড়ি। তিনি বলেন, ‘জোটগতভাবে নির্বাচনের প্রশ্ন এলে বিএনপির প্রার্থীর সঙ্গে প্রার্থী নিয়ে চূড়ান্ত বারগেনিং করব। জোটগত সমঝোতা না হলে আমরা দলীয় প্রার্থী নিয়ে নির্বাচন করব।’ তিনি বলেন, ‘সেক্রেটারি জেনারেলকে নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে অযোগ্য ঘোষণা করা হলে দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে দলের সে সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।’
গত নবম জাতীয় নির্বাচনে ফরিদপুর-৩ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ৩০ হাজার ৮২১টি ভোট পেয়ে তৃতীয় হন।নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এক লাখ ২২ হাজার ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। ওই নির্বাচনে জোটের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ফরিদপুর সদর আসনের পাঁচবারের সাংসদ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তিনি ৭৬ হাজার ৪৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হন।