যুদ্ধাপরাধের চেয়ে বড় পাপ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ার ইমাম ফরিদউদ্দিন মাসউদের নেতৃত্বে শতাধিক মওলানা শাহবাগের আন্দোলন চত্বরে এসে সংহতি জানিয়েছেন। গতকাল সোমবার বেলা পৌনে দুইটায় শাহবাগের প্রজন্ম চত্বরে আসেন বাংলাদেশ ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ও শোলাকিয়ার ইমাম মওলানা মাসউদ। সংহতি প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধাপরাধের চেয়ে বড় পাপ আর নেই। ইমাম সমাজের প্রতিনিধি হিসেবে তিনি এখানে সংহতি প্রকাশ করতে এসেছেন। এখানে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে দেশবাসীর দোয়া রয়েছে। উপস্থিত আন্দোলনকারীদের নিয়ে মোনাজাতও করেন তিনি। পরম করুণাময় আল্লাহর দরবারে তাঁর প্রার্থনা, ‘হে আল্লাহ, তুমি জালিমদের সঙ্গে থেকো না। যারা দেশের সঙ্গে বেইমানি করেছে, দেশের মানুষকে হত্যা করেছে, মা-বোনদের ইজ্জত নিয়েছে, তাদের সঙ্গে তুমি থেকো না খোদা। তুমি তাদের শায়েস্তা করো।’ফরিদউদ্দিন মাসউদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যুদ্ধাপরাধের চেয়ে বড় পাপ আর অপরাধ আর কিছুই নেই। এই জামায়াতে ইসলামী ও এর নেতারা মহাপাপী। সুতরাং, পাপীদের শাস্তি হওয়া এবং শাস্তি চাওয়া দরকার। বাংলাদেশের ওলামাদের দায়মুক্ত করতেই আমি শাহবাগে হাজির হই।’