
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশেষ কোনো দলের বিচারের বিরোধিতা করেছেন যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে র্যাপ। তাঁর মতে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ব্যক্তিবিশেষের সংশ্লিষ্টতা ছিল, দলের নয়। তাই ট্রাইব্যুনালে ব্যক্তির পরিবর্তে দলের বিচার করা হলে বাংলাদেশে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য অর্জিত না-ও হতে পারে।
স্টিফেন র্যাপ গতকাল মঙ্গলবার রাজধানীর আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি গত সোমবার তিন দিনের সফরে ঢাকায় আসেন। মার্কিন এই বিশেষ দূত সরকারের একাধিক মন্ত্রী, ট্রাইব্যুনালের বিচারক ও বিবাদীপক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের বিচারের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর অবস্থান তুলে ধরেন।
দল হিসেবে জামায়াতে ইসলামীকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা উচিত হবে না বলে তিনি মনে করেন কি না, জানতে চাইলে স্টিফেন র্যাপ বলেন, ‘এ বিষয়টি নিয়ে সুস্পষ্টভাবে কারও নাম বলতে চাই না। তবে রাজনৈতিক দলকে দোষী সাব্যস্ত করতে আইন প্রণয়নের বিষয়টি বিবেচনায় আনা কিংবা এ উদ্দেশ্যে অপরাধ-প্রক্রিয়াকে ব্যবহার করাটাকে আমার কাছে সমীচীন মনে হয় না। রাজনৈতিক দলকে দোষী সাব্যস্ত করাটা যথাযথ হয় না। বিচার-প্রক্রিয়ায় ব্যক্তির ওপর মনোযোগ থাকলে তা সমাজের পুনর্গঠনে সহায়ক হবে। কাজেই দলের ওপর মনোযোগ দেওয়াটা আমি ইতিবাচক মনে করি না।’
এর আগে সংবাদ সম্মেলনের শুরুতেই স্টিফেন র্যাপ বলেন, বিচার-প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার জন্য তিনি ঢাকা সফর করেন। মার্কিন সরকার বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার সমর্থন করলেও এর প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন তুলেছে। তাই এ ব্যাপারে তিনি কিছু সুপারিশ করেছেন। এসব সুপারিশের কয়েকটি বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। কিছু সুপারিশ প্রত্যাখ্যান করেছে। র্যাপ বলেন, বাংলাদেশের এই বিচার-প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানের করতে উন্নতির সুযোগ রয়েছে। তাই সামগ্রিকভাবে বিচার-প্রক্রিয়া নিয়ে তাঁর প্রতিক্রিয়া মিশ্র। তবে ‘রাজনৈতিক চাপ ও নানা রকম ভয়ভীতি’ উপেক্ষা করে বিচারকাজ চালিয়ে যাওয়ায় ট্রাইব্যুনালের বিচারকদের প্রশংসা করেন মার্কিন এই কর্মকর্তা।
ট্রাইব্যুনালে বিবাদীপক্ষের আইনজীবীরা সোমবার রাতে র্যাপের সঙ্গে আলোচনার সময় বাংলাদেশের বাইরে তৃতীয় কোনো দেশে মানবতাবিরোধী অপরাধের বিচারের কাজ সরিয়ে নিতে প্রস্তাব করেন। এ ব্যাপারে জানতে চাইলে র্যাপ বলেন, ‘ওই আইনজীবীরা বিচারকাজ অন্য কোথাও, আন্তর্জাতিক বিচারকদের সমন্বয়ে জাতিসংঘের কোনো আদালতে বা তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব করেন। তাঁরা চেয়েছেন, এই প্রস্তাবের ব্যাপারে বাংলাদেশকে চাপ প্রয়োগ করুক যুক্তরাষ্ট্র। তবে আমার ব্যক্তিগত অভিমত, বাংলাদেশে জাতীয় পর্যায়ে প্রক্রিয়াটি এগিয়ে যাচ্ছে। এ পর্যায়ে এ ধরনের প্রস্তাবে সাড়া দেওয়াটা বাস্তবসম্মত নয়। আমার এই অবস্থান জেনে তাঁরা হতাশ হয়েছেন।’
ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে যুক্তরাষ্ট্রের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন স্টিফেন র্যাপ। তিনি বলেন, ‘আইন সংশোধন করে আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়ায় যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র মনে করে, একেবারে বিশেষ কোনো ক্ষেত্র ছাড়া মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়। এ জন্য অকাট্য ও বিতর্কের ঊর্ধ্বে প্রমাণ থাকতে হবে। তাই ২০১১ সালের জানুয়ারিতে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবনের প্রস্তাব করেছিলাম।’
গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি নিধনযজ্ঞের ব্যাপারে জানতে চাইলে র্যাপ বলেন, যুক্তরাষ্ট্র সরকার যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র গাজায় সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত প্রত্যাশা ও সমর্থন করে।
সফরের দ্বিতীয় দিনে স্টিফেন র্যাপ পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। এরপর দুপুরে তিনি দেখা করেন আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ন্যুরেমবার্গ ট্রায়ালসহ অন্যান্য আন্তর্জাতিক আদালতের প্রসঙ্গ তুলে ধরেন। এ সময় তিনি জানান, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি দেশীয় আদালত হলেও তা আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সর্বদাই সচেষ্ট রয়েছে।
মাহমুদ আলী রোম সংবিধির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান এবং গাজায় নিরীহ শিশুসহ সাধারণ নাগরিকদের ওপর ঢালাওভাবে ইসরায়েলি গণহত্যার সমালোচনা করেন।