যুদ্ধাপরাধের বিচার ঐতিহাসিক গুরুত্ব বহন করছে: ইয়ান মার্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছর পর বিপুল জনসমর্থন নিয়ে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব ইয়ান মার্টিন এ দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন।গতকাল মঙ্গলবার রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘরের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইয়ান মার্টিন বলেন, ১৯৭১ সালে যে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ হয়েছে, তার বিবেচনায় এই বিচার জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত ‘চল্লিশ বছর পর: স্মৃতি ও ন্যায়বিচার’ শীর্ষক আলোচনায় এই মানবাধিকারকর্মী আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন, ১৯৭৩ দেশে-বিদেশে বহুল প্রশংসিত। আন্তর্জাতিক সংগঠনগুলো ১৯৭১ সালের ঘটনার ন্যায়বিচার চায় উল্লেখ করে ইয়ান মার্টিন বলেন, একই সঙ্গে তারা মনে করে, আইন সংশোধন হওয়ার পরও অভিযুক্তদের মৌলিক মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়ে গেছে। এটি বিবেচনায় নেওয়া উচিত। পূর্ব তিমুরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গঠিত ট্রুথ কমিশনের কিছু বৈশিষ্ট্য বাংলাদেশের ক্ষেত্রে অনুসরণ করা যেতে পারে বলে মত দেন তিনি।ইয়ান মার্টিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাঁর ব্যক্তিগত কিছু অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি তখন ঢাকায় ফোর্ড ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। ২৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২৫ মার্চ অধ্যাপক মুনীর চৌধুরীর সঙ্গে তাঁর সাক্ষাৎ, বুদ্ধিজীবী ও বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর পাকিস্তানি সেনাদের নির্মম নির্যাতন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান প্রভৃতি বিষয়ে তিনি কথা বলেন।বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিস্পৃহতা তাঁকে বিভিন্ন সময় হতবিহ্বল করেছে বলে মন্তব্য করেন ইয়ান মার্টিন। তিনি বলেন, ‘আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই, যখন দেখি মানবাধিকার সম্পর্কে খুবই সচেতন আন্তর্জাতিক ব্যক্তিত্বরাও বিংশ শতাব্দীর গণহত্যার কথা স্মরণ করতে গেলে ১৯৭১-এর কথা বলতে ভুলে যান। এমনকি গণহত্যা সম্পর্কে সর্বাধিক পঠিত গ্রন্থ সামান্থা পাওয়ারের এ প্রবলেম ফ্রম হেল-এ বাংলাদেশের জন্য বরাদ্দ রয়েছে একটিমাত্র অনুচ্ছেদ।’বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ জাদুঘরের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালার প্রথম দিনে গতকাল আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, মফিদুল হক, আক্কু চৌধুরী ও সারা যাকের।