গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধের বিচারের প্রতীক্ষায় প্রহর গুনছে। অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার করে তাদের সে প্রতীক্ষার অবসান ঘটানো হবে। বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুল বাতেন মিয়া, থানা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আ. জব্বার ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।একই দিন দোহার উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠান পালিত হয়। প্রতিমন্ত্রী মান্নান খান দোহারের জয়পাড়া চৌরাস্তায় মুক্তিযোদ্ধা রতনের নবনির্মিত ভাস্কর্যের উদ্বোধন করেন। এরপর তিনি জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী বিজয় অনুষ্ঠানের উদ্বোধন করেন।