যুদ্ধাপরাধের বিচার দাবি
যুদ্ধাপরাধের বিচারের দাবি জানানোর মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বুধবার দিবাগত রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এবারের বিজয় দিবসের কর্মসূচি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহর এবং সকালে শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে।বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিগুলোতে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি জানানো হয়।প্রথম প্রহরে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম। এর পর সরকারদলীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সাংসদ এম এ লতিফ, বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার আবুল কাশেম ও জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ শ্রদ্ধা জানান। রাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি এবং বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের সমর্থকেরা পৃথকভাবে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা আইনজীবী সমিতি, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। বৃহস্পতিবার ভোর থেকেই মানুষের ভিড় জমে শহীদ মিনার ঘিরে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ সকালে বিশাল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।