যুদ্ধাপরাধের বিচার দাবিতে খেলাঘরের শিশু-কিশোর সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধাপরাধের বিচার করতে হবে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে খেলাঘর আসর আয়োজিত শিশু-কিশোর সমাবেশে বক্তারা এ কথা বলেন।সমাবেশে শিশুরা একটি প্রতীকী ফাঁসির মঞ্চ ও একটি বধ্যভূমি তৈরি করে। ফাঁসির মঞ্চে একটি শিশু জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম সেজে দাঁড়িয়েছিল। বধ্যভূমিতে শুয়ে ছিল বেশ কিছু শিশু। তাদের পাশে খুঁটিতে লেখা ছিল শহীদ বুদ্ধিজীবী গোবিন্দচন্দ্র দেব, ধীরেন্দ্রনাথ দত্ত, শহীদুল্লা কায়সার, জ্যোতির্ময় গুহঠাকুরতা, জহির রায়হান, মুনীর চৌধুরী, আলতাফ মাহমুদসহ অনেকের নাম।গতকাল বিকেলে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী শিশু-কিশোরদের এই সমাবেশের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ‘যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া দ্রুত করে জাতিকে কলঙ্কমুক্ত করুন’ শীর্ষক এই সমাবেশে সাজেদা চৌধুরী বলেন, ১৯৭১ সালে দেশের বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। ভবিষ্যতে দেশের সব বধ্যভূমিকে চিহ্নিত করে রাখতে হবে, যাতে শিশুরা যুদ্ধাপরাধীদের ঘৃণা করতে পারে।সাহারা খাতুন বলেন, যুদ্ধাপরাধের বিচার যাতে না হয়, সে জন্য একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের প্রতিহত করে যুদ্ধাপরাধের বিচারকাজকে ত্বরান্বিত করতে হবে।কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতি পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে নিরঞ্জন অধিকারী, গোলাম কুদ্দুস, হাসান আরিফ, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, প্রণয় সাহা, আবদুল মতিন ভূঁইয়া, আসলাম সানী, গোলাম মোহাম্মদ প্রমুখ বক্তব্য দেন।