যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শনিবার কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে মিছিল-সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেন। বেলা একটার দিকে প্রক্টর জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে অবরোধ প্রত্যাহার করে নিতে তাঁদের প্রতি আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতা আশিকুর রহমান, গিফারী গাফফার, আনিসুজ্জামান, সাজন মৃধাসহ আরও কয়েকজন কর্মী তাঁর ওপর চড়াও হন। এ বিষয়ে জানতে আশিকুর, আনিসুজ্জামান ও সাজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি। প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কথা বলতে ঘটনাস্থলে গেলে উচ্ছৃঙ্খল কয়েকজন আমার ওপর চড়াও হয়।’ মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দুপুরে ‘চেতনায় বাংলাদেশ’-এর ব্যানারে শিবির মিছিল বের করে।