যুদ্ধাপরাধের বিচার দ্রুত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে উদীচী শিল্পীগোষ্ঠীর সন্মেলনে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। দেরিতে হলেও যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ করায় তাঁরা সরকারকে ধন্যবাদ জানান। তবে কোনো অজুহাতেই যেন বিচারপ্রক্রিয়া বিলম্বিত না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তাঁরা।জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল শনিবার সকালে সন্মেলনের উদ্বোধন করেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল আলম। উদ্বোধনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শিখা সেন গুপ্তার সভাপতিত্বে সংগঠনের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সঞ্জীব দাসকে সভাপতি ও রাজীব চন্দ্র নাথকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট উদীচী শিল্পীগোষ্ঠী ফেনী জেলা কার্যকরী কমিটি ও পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।বিকেলে নবনির্বাচিত সভাপতি সঞ্জীব দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সন্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান আরিফ ও সাংগঠনিক সম্পাদক সেলিম শামসুল হুদা চৌধুরী এবং জেলা সিপিবির সাধারণ সম্পাদক মহিবুল হক চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।