বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার ১১তম সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশকে দুর্নীতির হাত থেকে রক্ষায় জোট-মহাজোটের বাইরে বিকল্প বাম শক্তি গড়ে তোলার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত নিশ্চিত করারও দাবি তোলা হয়েছে।নগরের অশ্বিনীকুমার হলের সামনে সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহম্মেদ।উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা হয়। এতে বক্তারা বলেন, জোট-মহাজোটের লুটপাট, সাম্প্রদায়িকতা, হত্যা আর দুর্নীতির কারণে দেশের মানুষ প্রতিনিয়ত নিষ্পেষিত হচ্ছে। দুই জোটের ৩২ দলে রাজাকার, হাইজাকার মিলে দেশের উন্নয়ন সম্ভব হবে না। তাঁরা বলেন, দেশে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। রাষ্ট্রীয় অর্থনীতিতে অসম বণ্টনই এর মূল কারণ।জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব, জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক মণীন্দ্রনাথ তালুকদার প্রমুখ।