যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচারকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। সংগঠনটির নেতারা গতকাল মঙ্গলবার এক আলোচনা সভায় এ দাবি জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধীদের বিচার ও ভবিষ্যতের বাংলাদেশ’ শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে।শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার না করে এ দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। আর এই বিচারের মধ্য দিয়েই আমরা ভবিষ্যতের বাংলাদেশের দিকে অগ্রসর হব।’জাতীয় অধ্যাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এরপর এ দেশে পাকিস্তানীকরণ, ইসলামীকরণ ও সামরিকীকরণ শুরু হয়েছে।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তরুণ প্রজন্মের ভোটে। কিন্তু ক্ষমতায় গিয়ে মানুষ অন্ধ হয়ে যায়। তারা সাধারণ মানুষের মনোভাব বুঝতে পারে না।আগামী ‘ছয়-সাত মাসের মধ্যে’ যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ করার জন্য সরকারের কাছে আহ্বান জানান সাংবাদিক অজয় রায়। বিচারের মান নিয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারকে আন্তর্জাতিক মানের করার কথা বলেন অনেকেই। তাঁদের এসব কথার উদ্দেশ্য কী? আর আন্তর্জাতিক মানদণ্ডই বা কী? এ দেশে যুদ্ধাপরাধ হয়েছে। কাজেই বিচার হবেই।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মাসুম বিল্লাহ বলেন, ‘বিএনপি নেতা এম কে আনোয়ার আজ যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মন্তব্য করে বলেন, এটি নাকি জঙ্গলের শাসন। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, পল্টনে ফাঁসিতে ঝোলাতে। এভাবে কর্নেল তাহেরকে আপনারা ফাঁসিতে ঝুলিয়েছেন।’সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন তারেক আলী। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীরা উদ্দেশ্য হাসিলের জন্য যেকোনো কিছু করতে পারে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।’