যুদ্ধাপরাধের বিচার নাগরিক সমাজের আন্দোলনের ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুল কাদের মোল্লা: যুদ্ধাপরাধ, বিচার ও ফাঁসি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার হচ্ছে নাগরিক সমাজের আন্দোলনের ফসল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার জন্য এই বিচার করা সম্ভব হয়েছে। সারা বিশ্বে এই বিচার স্বীকৃতি পেয়েছে।
গতকাল শনিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সৈয়দ জাহিদ হাসান ও সোনিয়া হকের লেখা বইটি প্রকাশ করেছে পারিজাত প্রকাশনী।
প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার নিয়ে এ ধরনের আরও বই বাংলা ও ইংরেজিতে লেখা উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বইয়ের লেখকেরা জাতীয় ও ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। প্রকাশিত বইটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তাঁরা মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও বেশি জানতে পারবে।
অনুষ্ঠানের শুরুতে বইটির মোড়ক উন্মোচন করেন কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মোমেনা আক্তার। তিনি একাত্তরে শহীদ হযরত আলীর মেয়ে। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন অধ্যাপক আনিসুজ্জামান। পরে অনুষ্ঠানের অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে। তাদের মূল উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করে ক্ষমতায় যাওয়া। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ছাড়া একাত্তরের এই যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভব ছিল না।
বইটি জাতির জন্য মাইলফলক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস পাওয়া যায়নি। এই প্রথম একজন যুদ্ধাপরাধীর বিচার নিয়ে তথ্যসংবলিত বই প্রকাশিত হলো।
অনুষ্ঠানে বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সাংসদ কাজী রোজী, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান ও সহসমন্বয়ক এম সানাউল হক।