ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনিসুজ্জামান
যুদ্ধাপরাধের বিচার নিয়ে অপপ্রচার দূর করতে হবে

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে জনসাধারণকে আরও অবহিত করতে হবে। বিভিন্ন জায়গায়, গ্রামের মানুষ বোঝেন না কেন বিচার হচ্ছে, কার রায় হচ্ছে, কেন সাজা দেওয়া হচ্ছে। এসব নিয়ে অনেক মিথ্যা প্রচার আছে। এগুলো দূর করতে মানুষকে এ বিচারের বিষয়ে সচেতন করে তুলতে হবে।
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলন: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনায় আনিসুজ্জামান গতকাল রোববার এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সংগঠনটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনার আয়োজন করে।
দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া বাংলাদেশ গত চার দশকে অনেকখানি হারিয়ে গেছে। আমরা যে বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কত দিন ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করা যাবে? আশপাশের মানুষের মনমানসিকতা যদি পরিবর্তন না হয়, তাহলে পুলিশ উঠে গেলে আবার হামলা হবে।’ তিনি বলেন, আইনের শাসন, ন্যায় প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার; পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযুক্ত করা প্রভৃতি কাজ করতে হবে।
আইনমন্ত্রী আনিসুল হক ঘোষণা দেন, আগামী এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার নথিপত্র ও দলিল সংরক্ষণের কাজ শুরু করা হবে। তিনি বলেন, ‘যত দিন পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ না হবে, তত দিন পর্যন্ত ট্রাইব্যুনাল চলবে। হয়তো পরিসর কমে যাবে, দুটো থেকে একটা হবে।’
আলোচনা সভার সভাপতি ও আয়োজক সংগঠনের উপদেষ্টা বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেন, আইন কার্যকর হয় না বলেই দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু অত্যাচার ও মর্মান্তিক সহিংসতা ঘটছে। মুক্তিযুদ্ধের অর্থ সেক্যুলার রাষ্ট্র, সমাজ ও জীবন দর্শন প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির মামুন বলেন, ট্রাইব্যুনালের অবকাঠামোগত সমস্যা, নিরাপত্তা ও সাক্ষী সুরক্ষার বিষয়টি অবশ্যই সরকারকে নিশ্চিত করতে হবে। যদি সাক্ষীদের পর্যাপ্ত সুরক্ষা না দেওয়া হয়, তবে ভবিষ্যতে আর কোনো মামলায় সাক্ষী পাওয়া যাবে না। তদন্ত সংস্থায় অনেকে আছেন যাঁদের ভূমিকা অনেক কম। আর রাষ্ট্রপক্ষে দলীয় আইনজীবীদের দিয়ে বিচার চলতে পারে না। এখানে আরও দক্ষ-যোগ্য আইনজীবীদের নিয়োগ দিতে হবে।
সূচনা বক্তব্যে আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দুটি দাবি নিয়ে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যাত্রা শুরু করেছিল। ১০ জন যুদ্ধাপরাধীর বিচারের রায় ঘোষণা হলেও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি এখনো পূরণ হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যেও জামায়াতের প্রতি দুর্বলতা দুঃখজনক। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হানিফের হাত ধরে কুষ্টিয়ায় জামায়াত নেতার আওয়ামী লীগে যোগদান উদ্বেগজনক। এটা কি আওয়ামী লীগের জামায়াতীকরণ?
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান, আয়োজক সংগঠনের সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংসদ শিরীন আখতার প্রমুখ। সঞ্চালনা করেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।