৪০ বছর পর যুদ্ধাপরাধের সাক্ষ্য-প্রমাণ জোগাড় করা অসম্ভব বলে ড. কামাল হোসেনের মন্তব্যের প্রতিবাদ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ড. কামালের ওই বক্তব্যের প্রতিবাদ জানাতে গতকাল শনিবার নির্মূল কমিটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বগুড়ায় সার্কিট হাউসে গত শুক্রবার মতবিনিময় সভায় ড. কামাল বলেছেন, ‘৪০ বছর পর যুদ্ধাপরাধের বিচার করা কঠিন। আইন মেনে বিচার করতে গেলে সঠিক সাক্ষ্য-প্রমাণ লাগবে। আর এত দিন পর সঠিক সাক্ষ্য-প্রমাণ জোগাড় করা কঠিন।’ তিনি আরও বলেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত নয়।’এই বক্তব্যের জবাবে গতকাল নির্মূল কমিটির সভায় বলা হয়, ‘সরকার দলীয় দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধাপরাধীদের বিচার করছে মর্মে উদ্ভট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য বিএনপি-জামায়াতের নেতারা বারবার বলছেন। ড. কামাল একসময় যুদ্ধাপরাধীদের বিচারে সোচ্চার ছিলেন। তিনি জামায়াত-বিএনপির ভাষায় কথা বলবেন, এটা কাম্য নয়।’নির্মূল কমিটির নেতারা মনে করেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের দুষ্কর্মের প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী অনেকে বেঁচে নেই। তার পরও জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের যাবতীয় অপরাধের বহু তথ্য-প্রমাণ সেই সময়ে প্রকাশিত জামায়াতের দলীয় মুখপত্র দৈনিক সংগ্রাম ও অন্যান্য দৈনিকে পাওয়া যাবে।সভায় ১৯ জানুয়ারি রাজধানী ঢাকাসহ সারা দেশে এবং প্রবাসে সংগঠনের সব শাখায় শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে সূচিত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয়ে ২০তম বার্ষিকী উদ্যাপনের সিদ্ধান্ত হয়।সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহরিয়ার কবির, শ্যামলী নাসরীন চৌধুরী, ফেরদৌসী প্রিয়ভাষিণী, মুনতাসীর মামুন, শামীম আখতার, কাজী মুকুল, সৈয়দ মাহবুবুর রশীদ, গোলাম মোহাম্মদ ইদু, মাহফুজা খানম, আবুল বারক আলভী প্রমুখ। বিজ্ঞপ্তি।