যুদ্ধাপরাধের বিচার নিয়ে ৩১ মার্চ ‘গণজাগরণ দিবস’ পালন করবে জাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুদ্ধাপরাধের বিচারে বিশেষ ট্রাইবুন্যালের সমর্থনে আগামী ৩১ মার্চ দেশজুড়ে ‘যুদ্ধাপরাধের বিচারে গণজাগরণ দিবস’ পালন করবে। দেশের সব জেলা-উপজেলায় সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধনের মাধ্যমে দিবসটি পালন করা হবে।গতকাল শনিবার জাসদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৮-১৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিত দলের জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন করা এবং সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গিবাদী শক্তির রাজনৈতিক-সামাজিক-আর্থিক ভিত্তি ও অবস্থান ধ্বংস প্রশ্নে মহাজোট সরকারের ব্যাপারে জাসদের সমর্থন অব্যাহত রয়েছে। ‘যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত’ রাজনৈতিক শক্তি জামায়াতসহ স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে মন্তব্য করে সভায় বলা হয়, এ কারণে বিচারের লক্ষ্য বাস্তবায়নের জন্য ১৪ দলসহ অসাম্প্রদায়িক শক্তির ঐক্যকে আরও জোরদার করে তা স্থানীয় পর্যায়ে এগিয়ে নিতে হবে। সভায় আর্থসামাজিক ক্ষেত্রে এ পর্যন্ত মহাজোট সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের ব্যাপারে সন্তোষ প্রকাশ করা হয়। তবে জাসদের জাতীয় কমিটি মনে করে, ‘দলবাজি ও দুর্নীতির কারণে’ মানুষ কিছু কিছু ক্ষেত্রে সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোর সুফল থেকে বঞ্চিত হচ্ছে।