যুদ্ধাপরাধের বিচার নিয়ে 'টালবাহানা' বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাবন্ধিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ভোটের প্রয়োজনে সরকার যদি যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাত করে তবে তা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। যুদ্ধাপরাধের বিচারে দীর্ঘসূত্রতা ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে ‘টালবাহানার’ প্রতিবাদে আজ শনিবার বিকেলে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘একাত্তরের চেতনা পুনর্জাগরণের জন্য গণজাগরণ মঞ্চ যে আন্দোলনের সূচনা করেছে, সে আন্দোলনের মৃত্যু নাই। জামায়াত-শিবিরের যারা একাত্তরে গণহত্যায়, নারী ধর্ষণে, জ্বালাও-পোড়াওয়ে অংশ নিয়েছিলেন, তাঁদের সঙ্গে ভোটের রাজনীতির কারণে যদি কেউ আঁঁতাত করতে চান, তাহলে তা হবে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’


সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে হলে সরকারের ভোট দরকার। মুক্তিযুদ্ধের পক্ষের ভোট তারা পেয়েছে, এখন ধর্মের ভোট দরকার, ধর্মব্যবসায়ীদের ভোট দরকার।’


নিজামীর রায় না দেওয়াকে ‘খোঁড়া অজুহাত’ উল্লেখ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের যে প্রতিশ্রুতি ছিল, সরকার সে প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

যুদ্ধাপরাধীর বিচার নিয়ে নোংরা রাজনীতির অপচেষ্টা হচ্ছে—এমন আশঙ্কা প্রকাশ করে ইমরান বলেন, ‘পঁচাত্তর-পরবর্তী সময়ে সামরিক শাসকেরা ও তত্কালীন রাজনৈতিক দলগুলো যেভাবে জামায়াতে ইসলামীকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছিল, ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলোর হেঁয়ালিপনায় তাদের পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টা হচ্ছে কি না, সে আশঙ্কা আমাদের ওপর ভর করেছে।’


সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মোশতাক হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কবি মোহন রায়হান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার। সমাবেশের পর জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।