যুদ্ধাপরাধের বিচার নিয়ে 'টালবাহানা' বন্ধের দাবি গণজাগরণ মঞ্চের
কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ভোটের প্রয়োজনে সরকার যদি যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাত করে তবে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।
‘যুদ্ধাপরাধের বিচারে দীর্ঘসূত্রতা ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে টালবাহানার’ প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে আয়োজিত গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশে আবুল মকসুদ বলেন, ‘একাত্তরের চেতনার পুনর্জাগরণের জন্য গণজাগরণ মঞ্চ যে আন্দোলনের সূচনা করেছে সে আন্দোলনের মৃত্যু নেই। জামায়াত-শিবিরের যাঁরা একাত্তরে গণহত্যায়, নারী ধর্ষণে, জ্বালাও-পোড়াওয়ে অংশ নিয়েছিলেন, তাঁদের সঙ্গে ভোটের রাজনীতির কারণে যদি কেউ আঁতাত করতে চান, তাহলে তা হবে লাখ লাখ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’
সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু বলেন, ক্ষমতায় টিকে থাকতে হলে সরকারের ভোট দরকার। মুক্তিযুদ্ধের পক্ষের ভোট তারা পেয়েছে, এখন ধর্ম ব্যবসায়ীদের ভোট দরকার।