যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিচার-প্রক্রিয়া বাংলাদেশকে নিজস্ব পদ্ধতি অনুসরণ করতে হবে। মার্কিন কংগ্রেস প্রতিনিধিদলের প্রধান ও ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য ডেভিড প্রাইস গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান যাত্রীর সম্মেলনকক্ষে মার্কিন দূতাবাস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। তিন দিনের সফরে মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদলটি গত রোববার ঢাকায় আসে। যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে ডেভিড প্রাইস বলেন, ‘বিষয়টি (যুদ্ধাপরাধের বিচার) আসলে জটিল। তা ছাড়া একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে আমরা নেই, সেটা আমাদের কাজও নয়। এ ধরনের পরিস্থিতিতে কোনো দেশকে নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে এগোনো উচিত।’গত বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে বাংলাদেশ সম্পর্কে পাস হওয়া বিল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রাইস ও তাঁর অন্যতম সফরসঙ্গী রিপাকলিকান পার্টির কংগ্রেসের সদস্য জেফ ফর্টেনব্যারি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের পুনঃ প্রবর্তনে যুক্তরাষ্ট্র বেশ উত্ফুল্ল।ডেভিড প্রাইস মন্তব্য করেন, বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নতুন সূচনা হয়েছে। জেফ বলেন, ওই বিল পাসের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সম্পর্কের বহিঃপ্রকাশ হয়েছে। বাংলাদেশের সঙ্গে কৌশলগত ও দীর্ঘস্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সংসদ কতটা কার্যকর, জানতে চাইলে রিপাবলিকান পার্টির ওই সদস্য মন্তব্য করেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে কার্যকর সংসদ পরিচালনার কিছু মূল নীতি রয়েছে, যা যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে।জেফ বলেন, এসব মূল নীতির মধ্যে রয়েছে শাসক কিংবা সংখ্যাগরিষ্ঠ দল শাসনব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করবে। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে, নিজেদের ভূমিকা পালন করা।সংসদীয় গ্রুপের সঙ্গে বৈঠক: সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করতে সম্মত হয়েছে। বাংলাদেশে সফররত মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদল ও বাংলাদেশ জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রুপের মধ্যে গতকাল সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে এ মতৈক্য হয়।সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ডেভিড প্রাইস মার্কিন প্রতিনিধিদল এবং আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।এর আগে মার্কিন প্রতিনিধিদল স্পিকার আবদুল হামিদের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করেন।