প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি স্বার্থান্বেসী মহল যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে উঠেপড়ে লেগেছে। তিনি দেশবাসীকে তাদের নীল নকশার ব্যাপারে সজাগ থাকার এবং তাদের প্রতিহত করার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই, যাতে স্বার্থান্বেষী মহল দেশে কোনো ধ্বংসাত্মক কাজ করতে না পারে।’ গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের জাতীয় সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।দেশব্যাপী জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সহিংসতার দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তারা রেহাই দেয়নি।’ তিনি বলেন, যতই অপতৎপরতা চালানো হোক না কেন, দেশের মানুষ সজাগ থাকলে স্বাধীনতাবিরোধী শক্তি কিছুই করতে পারবে না।শেখ হাসিনা বাংলাদেশকে সব ক্ষেত্রে স্বাবলম্বী করে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলার জন্য নিজেদের নিয়োজিত করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। তিনি সীমিত সম্পদের যথাযথ ও টেকসই ব্যবহারের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালনের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রযুক্তি হচ্ছে দিন বদলের প্রধান হাতিয়ার। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও উৎকর্ষতার মাধ্যমে উন্নয়নের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম।দেশের অবকাঠামো উন্নয়ন ও উৎপাদন কর্মকাণ্ডের প্রায় ৮৫ শতাংশ অর্থ প্রকৌশলীদের মাধ্যমে ব্যয় হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা, মিল-কারখানা, যন্ত্রপাতি—সবকিছু নির্মাণ ও স্থাপনের দায়িত্ব আপনাদের। কাজেই আপনাদের দক্ষতার ওপর নির্ভর করে ভবিষ্যতে দেশ কতটা দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।’প্রকৌশলীরা দেশের মেধাবী সন্তান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘একজন প্রকৌশলী তৈরি করতে মা-বাবার পাশাপাশি রাষ্ট্র অর্থাৎ দেশের জনগণেরও প্রচুর অর্থ ব্যয় হয়। এ জন্য প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আপনাদের এখন প্রতিদান দেওয়ার সময়।’জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘এ ব্যাপারে উন্নত দেশগুলো আমাদের সহায়তা দিতে চেয়েছে। কিন্তু তাদের সহায়তার আশায় বসে না থেকে আমাদেরকেই টেকসই সবুজ প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগী হতে হবে।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ প্রকৌশল পরিষদের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান বক্তৃতা করেন।সরকার সব ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক উন্নয়নে বিশ্বাসী: প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে গতকাল আর্চবিশপ ইমেরিটাস অব ওয়েস্ট মিনস্টার লন্ডন ও পোপ ষোড়শ বেনেডিক্টের বিশেষ দূত কার্ডিনাল কোরম্যাক মারফি ও’ কনোর সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সব ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক উন্নয়নে বিশ্বাস করে। বৈঠকে তিনি বলেন, বাংলাদেশে ক্যাথলিক চার্চ স্বাধীনতা ভোগ করছে এবং এ দেশে তারা ভালো কাজ করছে।