যুদ্ধাপরাধের বিচার বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে বাংলাদেশে গণহত্যার বিষয়টি মানবতাবিরোধী অপরাধের বিচারের মধ্য দিয়ে বিশ্বের মানুষ নতুনভাবে জানতে পারছে। বিচার নিয়ে কিছু লোক প্রশ্ন তোলার চেষ্টা করছে। বিচার-প্রক্রিয়ার তাৎপর্য বৈশ্বিক গণমাধ্যম ও একাডেমিক মহলে বিস্তৃতভাবে তুলে ধরা দায়িত্ব ও কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।
গতকাল শনিবার ‘গ্লোবাল ইমপেক্ট অব ওয়ার ক্রাইম জাস্টিস প্রসেস ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণকারীরা এ কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন ও ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেররিজম।
মূল প্রবন্ধে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের সংবাদ পরিবেশনে অনেক ক্ষেত্রে বৈশ্বিক গণমাধ্যম পক্ষপাত করে। অনেক বিষয় তাদের কাছে স্পষ্ট না। স্বচ্ছ ও উন্মুক্ত এই বিচারের ঐতিহাসিক ও বৈশ্বিক তাৎপর্য রয়েছে। তিনি বলেন, বিচার সম্পর্কে বৈশ্বিক গণমাধ্যমকে অবহিত করার বিষয়ে সরকারের গণমাধ্যম পরিকল্পনা ও নীতির অভাব দেখা যায়।
সম্মেলনের প্রধান অতিথি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিশ্বের কিছুু মানুষ ছাড়া বেশির ভাগ দেশ এ বিচারের প্রশংসা করছে।
সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফেরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক পাউলা ক্যাসাকা হিউম্যান রাইটস ওয়াচের ভূমিকার সমালোচনাও করেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌসুলি জেয়াদ-আল-মালুম বলেন, পৃথিবীর কোনো দেশ আনুষ্ঠানিকভাবে বিচার-প্রক্রিয়ার বিরোধিতা করেনি। জাতিসংঘও বিরোধিতা করেনি। করছে কিছু মানবাধিকার সংগঠন। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এম বি ওয়ালি-উর রহমানের প্রথম পর্বে ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন।